উন্মুক্ত হলো সুন্দরবন পর্যটকদের জন্য
ঢাকা: করোনা মহামারির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন।
বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শর্তসাপেক্ষে সুন্দরবন উন্মুক্ত করা হয়েছে। তবে ভ্রমণকালে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নিয়ম না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শর্তসাপেক্ষে আজ থেকে দর্শনার্থীদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণরোধে ভ্রমণকালে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করতে হবে। ২৫ জনে গ্রুপ ভাগ করে নৌযান থেকে নামতে হবে বনে। একসঙ্গে বেশি লোক নামা ও ঘোরাফেরা করা যাবে না। এ শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সুন্দরবন উন্মুক্ত করে দেওয়ায় বিভিন্ন পর্যটন স্পট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ দীর্ঘদিন ফুট ট্রেইলার ও ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার না করায় ময়লা জমেছে। এগুলোর অনেক কিছু ভেঙেও গেছে।
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ৩ এপ্রিল দ্বিতীয় দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় পাঁচ মাস পর আজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে করোনার শুরুতে গত বছরের ২৬ মার্চ প্রথম দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ হয়।

কোন মন্তব্য নেই